মার্চ ২৮, সিএমজি বাংলা ডেস্ক: যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং তাদের মিত্রদের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-বাণিজ্যপথ হরমুজ প্রণালী বন্ধ রয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী-আইআরজিসি।
আইআরজিসি শুক্রবার এক বিবৃতিতে জানায়, তাদের নৌবাহিনী ইতোমধ্যে তিনটি পণ্যবাহী জাহাজকে ফিরিয়ে দিয়েছে। জাহাজগুলো ভিন্ন ভিন্ন দেশের ছিল এবং নির্দিষ্ট অনুমোদিত বন্দরে প্রবেশের চেষ্টা করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া তথ্যকে ভুল দাবি করে বিবৃতিতে সতর্ক করা হয়েছে যে, এই পথ পুরোপুরি বন্ধ রয়েছে এবং কেউ তা অমান্য করলে তার পরিণতিও ভোগ করতে হবে।
এর আগে ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালী দিয়ে ১০টি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। যদিও এ তথ্য অস্বীকার করেছে দেশটি। আইআরজিসি ইরানের প্রতিবেশী দেশের সাধারণ মানুষকে সতর্ক করে, মার্কিন সেনা অবস্থানের এলাকা থেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে বলেছে।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক মাধ্যম এক্সে দাবি করেছেন, মার্কিন সেনারা উপসাগরীয় দেশগুলোর হোটেল এবং বিভিন্ন দপ্তরে লুকিয়ে আছে এবং সাধারণ মানুষকে মানবঢাল হিসেবে ব্যবহার করছে তারা।
লুৎফর/হাশিম
তথ্য ও ছবি: সিসিটিভি।