চীনের প্রযুক্তিনগরী শেনচেনে ট্রাফিক নিয়ন্ত্রণে প্রথমবারের মতো একটি রোবট পুলিশ কমান্ডার দায়িত্ব পালন শুরু করেছে। লোংকাং জেলার বানথিয়ান এলাকায় ৬ মার্চ থেকে ব্যস্ত একটি সড়ক মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছে রোবটটি।
‘শেনচেন ট্রাফিক পুলিস’ লেখা চিহ্নযুক্ত রোবটটি মোড়ের মাঝখানে একটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করে। উচ্চ-নির্ভুলতা জয়েন্ট প্রযুক্তির মাধ্যমে এটি মানুষের মতো হাতের ইশারা দিয়ে গাড়ি থামানো, সোজা যাওয়া বা মোড় নেওয়ার নির্দেশ দেয়। ট্রাফিক সিগনালের সঙ্গেও সমন্বয় করা হয়েছে রোবটটির কাজ।
ভিজ্যুয়াল কৃত্রিম বুদ্ধিমত্তা রয়েছে এ রোবটে। এর মাধ্যমে এটি সড়কের বিভিন্ন নিয়মভঙ্গ শনাক্ত করতে পারে। যেমন—হেলমেট ছাড়া ই-বাইক চালানো বা নির্ধারিত লাইনের সামনে গাড়ি থামানো। এমন কিছু দেখলে রোবটটি হুইসেল বাজিয়ে সতর্ক করে এবং সংশোধনের নির্দেশ দেয়।
শেনচেনে গবেষণা ও উন্নয়নে বিনিয়োগের হার ৬ দশমিক ৬৭ শতাংশ, যা চীনের শহরগুলোর মধ্যে সর্বোচ্চ। প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়েইর প্রধান কার্যালয়ও বানতিয়ানে।
গবেষণা প্রতিষ্ঠান ওমতিয়ার তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বে হিউম্যানয়েড রোবট সরবরাহের ৯০ শতাংশই চীনে হয়েছে। আর মরগান স্ট্যানলি পূর্বাভাস দিয়েছে, ২০২৬ সালে চীনে এ ধরনের রোবট বিক্রি প্রায় ২৮ হাজার ইউনিটে পৌঁছাতে পারে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে দুর্ঘটনার প্রাথমিক পরিস্থিতি সামাল দেওয়া, ট্রাফিক আইনভঙ্গ শনাক্ত করা এবং প্রমাণ সংগ্রহের মতো কাজেও রোবট ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: সিনহুয়া