মার্চ ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ইনার মঙ্গোলিয়া অঞ্চলে পরিবেশবান্ধব কম্পিউটিং খাত শক্তিশালী করতে অবকাঠামো উন্নয়ন জোরদার করা হচ্ছে। জ্বালানি সম্পদ ও ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্প গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।
অঞ্চলটির উলানকাব সিটিতে গত দুই বছরে কম্পিউটিং ক্ষমতা গড়ে বছরে প্রায় দ্বিগুণ বেড়েছে। বিগ ডাটা ও নবায়নযোগ্য জ্বালানি খাতের কোম্পানিগুলোকে আকৃষ্ট করতে ইতোমধ্যে আটটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে এবং নতুন ইন্টেলিজেন্ট কম্পিউটিং সেন্টার চালুর প্রস্তুতি চলছে।
স্থানীয় কর্মকর্তারা জানান, বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ও এআই অ্যাপ্লিকেশন কোম্পানিগুলোকে একত্র করে কম্পিউটিং সেবা, ডাটা লেনদেন এবং স্মার্ট অ্যাপ্লিকেশন মিলিয়ে একটি পূর্ণাঙ্গ এআই শিল্প ইকোসিস্টেম গড়ে তোলা হবে।
এখানকার হোহোট শহরে কম্পিউটিং খাতে ব্যবহৃত বিদ্যুতের ৮৬ শতাংশই আসে সবুজ জ্বালানি থেকে। এখানে ইতোমধ্যে ৫০টি বড় ডাটা সেন্টার গড়ে উঠেছে, যেখানে অপারেটর, আর্থিক প্রতিষ্ঠান ও শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো কাজ করছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো নতুন প্রযুক্তির জন্য প্রস্তুতি নেওয়া হবে। একই সঙ্গে কম্পিউটিং রিসোর্স ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম উন্নত করে জাতীয় পর্যায়ে একটি শক্তিশালী সবুজ কম্পিউটিং কেন্দ্র হিসেবে ইনার মঙ্গোলিয়াকে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
ফয়সল/জেনিফার
তথ্য ও ছবি: সিসিটিভি