২০ মার্চ: গতকাল (বৃহস্পতিবার) মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে।
চলমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে যুক্তরাজ্যের অবস্থান তুলে ধরে কুপার বলেন, অস্থিতিশীল ও জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে ব্রিটেন চীনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে আগ্রহী। তিনি যুদ্ধের দ্রুত অবসান এবং কূটনৈতিক সংলাপ পুনরুদ্ধারের আশা প্রকাশ করেন, যাতে সংশ্লিষ্ট সংকটের দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব হয়।
চীনের অবস্থান তুলে ধরে ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যের সংঘর্ষ দিন দিন তীব্রতর হচ্ছে এবং যুদ্ধ ক্রমেই বিস্তৃত হচ্ছে। এতে শুধু আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাই নয়, বরং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ, আর্থিক ব্যবস্থা, বাণিজ্য, সামুদ্রিক পরিবহন এবং বিভিন্ন দেশের স্বার্থও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, যুদ্ধের সম্প্রসারণে কারও জয় নেই; যুদ্ধের অবসানই সবার প্রত্যাশা।
ওয়াং ই সংশ্লিষ্ট সব পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করে সংলাপের মাধ্যমে মতপার্থক্য সমাধানের আহ্বান জানান। তিনি আরও বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন ও যুক্তরাজ্যের ওপর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার বিশেষ দায়িত্ব রয়েছে। তাই উভয় দেশের উচিত পারস্পরিক যোগাযোগ জোরদার করা, শান্তি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখা এবং যৌথভাবে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালা রক্ষা করা।
তিনি সতর্ক করে বলেন, আন্তর্জাতিক শৃঙ্খলার অব্যাহত অবক্ষয় এবং বিশ্ব শান্তির ভিত্তি দুর্বল হয়ে পড়া ঠেকাতে সমন্বিত প্রচেষ্টা জরুরি।
(সুবর্ণা/ফয়সল/শুয়ে ফেই ফেই)