মার্চ ১৫, ঢাকা: চীনের অনুদানকৃত অত্যাধুনিক ভ্রাম্যমাণ মেডিকেল সার্জিক্যাল যান পৌঁছেছে বাংলাদেশে। সম্প্রতি রাজধানী ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ও হাসপাতাল-এ এটি হস্তান্তর করা হয়। চায়না ফাউন্ডেশন ফর রুরাল ডেভেলপমেন্ট বাংলাদেশের জন্য এই যানটি অনুদান হিসেবে দেয়া হয়েছে।
বড় আকারের এই মোবাইল সার্জিক্যাল ইউনিটে ছোট বড় অস্ত্রোপচার থেকে হৃদরোগ সংক্রান্ত বিভিন্ন জরুরি চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে। এতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় প্রযুক্তি সংযোজন করা হয়েছে, যা মাঠ পর্যায়েও দ্রুত সেবা পৌঁছে দিতে সহায়ক হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এই মোবাইল সার্জিক্যাল ইউনিটের কার্যক্রম উদ্বোধন করা হবে। প্রাথমিকভাবে এর পরিচালনা ও প্রযুক্তিগত ব্যবস্থাপনায় চীনা বিশেষজ্ঞদের একটি দল কাজ করতে পারে।
এছাড়া চীনা বিশেষজ্ঞদের দেওয়া প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক ও কারিগরি একটি বিশেষজ্ঞ দল ভবিষ্যতে এই মোবাইল সার্জিক্যাল ইউনিট পরিচালনা করবে বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক।
বিশেষজ্ঞদের মতে, এই মোবাইল সার্জিক্যাল যান চালু হলে দূরবর্তী এলাকাতেও দ্রুত হৃদরোগ সংক্রান্ত জরুরি চিকিৎসা সেবা পৌঁছে দেওয়া সহজ হবে।
ঐশী/ফয়সল/লুৎফর