মার্চ ১৫, সিএমজি বাংলা ডেস্ক: বিশ্ব অর্থনীতির দুই প্রধান শক্তি চীন ও যুক্তরাষ্ট্রের টানাপোড়েনকে স্থিতিশীল করার লক্ষ্যে ফের আলোচনায় বসছে দেশ দুটি। আগামী ১৪-১৭ মার্চ ফ্রান্সে গড়াচ্ছে দু’ দেশের ষষ্ঠ দফার উচ্চপর্যায়ের অর্থনৈতিক ও বাণিজ্য আলোচনা। শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।
গত বছর দুই দেশ মোট পাঁচ দফা উচ্চপর্যায়ের বাণিজ্য বৈঠক করেছে। এ আলোচনার পথ ধরে সম্পর্কে স্থবিরতা কাটিয়ে কিছুটা স্থিতিশীলতায় ফিরেছে।
ফ্রান্সে অনুষ্ঠেয় বৈঠকে চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন উপ-প্রধানমন্ত্রী হ্য লিফেং। তবে আলোচনাকে সামনে রেখে ওয়াশিংটনের সাম্প্রতিক কিছু নীতির কঠোর সমালোচনাও করেছে বেইজিং।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের ‘সেকশন ৩০১’ তদন্তের তীব্র সমালোচনা করে একে ‘একপাক্ষিক কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়েছে। মন্ত্রণালয়ের জানায়, বিশ্ব অর্থনীতি এখন একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। মার্কিন প্রশাসন কোনো দেশের অভ্যন্তরীণ চাহিদার চেয়ে বেশি উৎপাদনকে ভুলভাবে ‘ওভারক্যাপাসিটি’ বা অতিরিক্ত উৎপাদন ক্ষমতা হিসেবে চিহ্নিত করছে, যা আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাকে ব্যাহত করছে।
চীন স্পষ্টভাবে জানিয়েছে, বাণিজ্য সংক্রান্ত যে কোনো বিরোধ আলোচনাতে সমাধান করাই সঠিক পথ। যুক্তরাষ্ট্রকে তাদের ভুল নীতি সংশোধন করে আলোচনার টেবিলে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বানও জানিয়েছে বেইজিং।
বিশ্লেষকদের মতে, এবারে প্যারিসের বৈঠক চীন-যুক্তরাষ্ট্রের বিদ্যমান দূরত্ব ঘুচিয়ে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও সহনশীলে পর্যায়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শুভ/ফয়সল/লুৎফর
তথ্য ও ছবি: সিসিটিভি