মার্চ ২০, সিএমজি বাংলা ডেস্ক: চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত দ্বিতীয় বৃহৎ ক্রুজ জাহাজ অ্যাডোরা ফ্লোরা সিটি শুক্রবার সাংহাইয়ে ড্রাই ডক ছাড়তে যাচ্ছে, যা দেশটির ক্রুজ শিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
১৪০ হাজার টনেরও বেশি ধারণক্ষমতাসম্পন্ন এই জাহাজটির দৈর্ঘ্য ৩৪১ মিটার এবং প্রস্থ ৩৭.২ মিটার। এতে রয়েছে ২ হাজার ১৩০টি কক্ষ এবং একসঙ্গে ৫ হাজার ২০০-এর বেশি যাত্রী বহনের সক্ষমতা।
ড্রাই ডক প্লাবিত করার পর জাহাজটি সফলভাবে ভাসমান অবস্থায় নিয়ে একাধিক পরীক্ষা ও যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ছিল টিল্ট টেস্ট, লাইফবোট পরীক্ষা এবং ক্রুজ ট্রায়ালসহ বিভিন্ন ধাপ। সব পরীক্ষা সফল হওয়ায় শুক্রবার বিকেলে জাহাজটি ডক ত্যাগ করার কথা রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ডক ছাড়ার পর জাহাজটি চূড়ান্ত নির্মাণ ও পরীক্ষার জন্য জেটিতে নিয়ে যাওয়া হবে। আগামী মে মাসের শেষ দিকে এর সমুদ্র পরীক্ষা বা সি ট্রায়াল শুরু হওয়ার কথা রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, একটি ৩৪১ মিটার দীর্ঘ জাহাজকে ডক থেকে বের করে নিরাপদে জেটিতে নোঙর করানো অত্যন্ত জটিল প্রক্রিয়া। এ জন্য টাগবোট সমন্বয়, সাময়িক নৌযান চলাচল নিয়ন্ত্রণ, অতিরিক্ত টহল এবং ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে।
নয়টি টাগবোটের সহায়তায় জাহাজটিকে ডক থেকে নির্দিষ্ট জেটিতে স্থানান্তর করা হবে। পাশাপাশি ‘স্মার্ট মেরিটাইম’ প্রযুক্তির মাধ্যমে এর গতিবিধি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে।
আজাদ/জেনিফার
তথ্য ও ছবি: সিসিটিভি