মার্চ ১৫, সিএমজি বাংলা ডেস্ক: বৈশ্বিক মহাকাশ খাতে প্রতিযোগিতা দ্রুত বাড়ছে এবং এ ক্ষেত্রে বাণিজ্যিক মহাকাশ খাত একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ক্ষেত্র হয়ে উঠেছে। স্যাটেলাইটভিত্তিক সেবার চাহিদাও বিশ্বজুড়ে বাড়ছে, যা চীনের বাণিজ্যিক মহাকাশ কোম্পানিগুলোর জন্য আন্তর্জাতিক বাজারে প্রবেশের বড় সুযোগ তৈরি করেছে। এমনটা জানালেন, চীনের জাতীয় গণকংগ্রেসের (এনপিসি) প্রতিনিধি এবং বেইহাং ইউনিভার্সিটির অধ্যাপক চাং থাও।
চাং প্রস্তাব দেন, সরকার যেন বিভিন্ন ধরনের স্যাটেলাইট রপ্তানিতে উৎসাহ দেয় এবং বিশেষ করে নিম্ন কক্ষপথ স্যাটেলাইট রপ্তানির ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়াকে অগ্রাধিকার দেয়।
তিনি আরও বলেন, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অন্তর্ভুক্ত দেশগুলোতে সাশ্রয়ী স্যাটেলাইট সেবার বড় চাহিদা রয়েছে। তাই এসব দেশে স্যাটেলাইট রপ্তানিতে সহায়ক নীতি গ্রহণ করলে চীনের মহাকাশ প্রযুক্তি ও মান বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।
এখন চীন থেকে রপ্তানি হওয়া অধিকাংশ স্যাটেলাইট তৈরি করে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে আছে চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশন এবং শাংহাই ইঞ্জিনিয়ারিং সেন্টার ফর মাইক্রোস্যাটেলাইটস।
অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানও আন্তর্জাতিক বাজারে প্রবেশের চেষ্টা করছে। উদাহরণ হিসেবে বেইজিংভিত্তিক কোম্পানি গ্যালাক্সি স্পেস থাইল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে একটি গ্রাউন্ড টেস্ট স্টেশন স্থাপন করেছে এবং লো-আর্থ অরবিট ব্রডব্যান্ড ইন্টারনেট নেটওয়ার্কের পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে।
এ ছাড়া প্রতিষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সঙ্গেও সহযোগিতা গড়ে তুলেছে।
ফয়সল/নাহার
তথ্য ও ছবি: চায়না ডেইলি